শিক্ষা ও শিক্ষাঙ্গন

অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে অনার্সে ভর্তি করালেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

  জবি প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ২:৫৫:২৯ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন এক অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে অনার্সে ভর্তি করিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান ওই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি ফি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যয় জোগাড় করতে না পারায় উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি জানতে পেরে মো. শাহরিয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে অর্থসহায়তা প্রদান করেন এবং অনলাইন আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, বিভাগীয় যোগাযোগসহ ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম সরাসরি তদারকি করেন। তার সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীর অনার্সে ভর্তি নিশ্চিত হয়।

এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক—এটা আমরা চাই না। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে সহমর্মিতা ও সহযোগিতার একটি মানবিক সংস্কৃতি গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থী ভবিষ্যতে নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হবে এবং অন্যদের পাশে দাঁড়াবে। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”

ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আর্থিক সংকটের কারণে আমি ভর্তি হতে পারছিলাম না। তখন বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ‘জবিয়ানস–JnU’ins’-এ বিষয়টি জানাই। সেখান থেকে পোস্টটি শেয়ার হলে শাহরিয়ার ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন। অনলাইন ভর্তি ফি থেকে শুরু করে সরাসরি ভর্তি হওয়া পর্যন্ত সব কার্যক্রম তিনিই সম্পন্ন করে দিয়েছেন।”

তিনি আরও জানান, গ্রাম থেকে শহরে এসে ভর্তি হওয়া ও আবাসন ব্যবস্থাপনা তার জন্য প্রায় অসম্ভব ছিল। শাহরিয়ার হোসেন তার জন্য মেসের ব্যবস্থাও করে দিয়েছেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়, মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। শাহরিয়ারের এই উদ্যোগ ছাত্রদলের মানবিক রাজনীতিরই প্রতিফলন।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীকে অনার্সে ভর্তি করাতে সহযোগিতা করা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার সুযোগ নিশ্চিত করা সামাজিক দায়বদ্ধতার অংশ।”

উল্লেখ্য, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো ক্যাম্পাসে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং শাহরিয়ার হোসেনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আরও খবর

Sponsered content