অপরাধ

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

  কুষ্টিয়া জেলা প্রতিনিধি – ২ মার্চ ২০২৬ , ৩:০৫:২৫ প্রিন্ট সংস্করণ

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে ডা. পিয়ার আলী (৬০) এর বসত বাড়ির মূল গেটের পাশে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখেন প্রতিবেশী লুকমান। সন্দেহ হওয়ায় তিনি কার্টনটি খুলে ভিতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাকেন।

খবর পেয়ে ডা. পিয়ার আলীসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি দৌলতপুর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি বা ডা. পিয়ার আলীর ক্ষতির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content