প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১২:১৪:১০ প্রিন্ট সংস্করণ
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই নিজেদের হাতেই রাখল আর্সেনাল। রোববার চেলসির বিপক্ষে স্নায়ুচাপের ডার্বিতে ২-১ গোলের জয় তুলে নেয় তারা। আবারও কর্নার থেকে করা পরিকল্পিত আক্রমণই বিপদ থেকে উদ্ধার করে দলটিকে।
দ্বিতীয়ার্ধে জুরিয়েন টিম্বারের হেডে করা গোলেই পাঁচ পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করে আর্সেনাল। আগের দিন লিডস ইউনাইটেডকে হারিয়ে ব্যবধান কমিয়েছিল ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘদিন পর শীর্ষ তিনে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩ সালের মে মাসের পর এই প্রথম তারা সেরা তিনে জায়গা করে নিল।
অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ইউনাইটেড। ম্যাচ শেষে সমর্থকেরা জোরালোভাবে তার নাম ধরে স্লোগান দেন।
২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৯। ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠেছে ইউনাইটেড।
চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। শেষ তিন লিগ ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় শীর্ষ পাঁচে ওঠার লড়াইয়ে ধাক্কা খেল তারা। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে সাত ম্যাচে প্রথম হার এটি। টিম্বারের গোলের পর তিন মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো নেতো। এ মৌসুমে চেলসির সপ্তম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন তিনি।
ম্যাচের শুরুতে বুকায়ো সাকার নেওয়া গভীর কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেডে বল ছয় গজের জায়গা পেরিয়ে যায়। পরে ডিফেন্ডার সালিবা গোলমুখে বল ঠেলে দেন, যা চেলসির মামাদু সাররের গায়ে লেগে জালে জড়ায়। যদিও গোলটি সালিবার নামেই দেওয়া হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে রিস জেমসের কর্নার পিয়েরো হিনকাপিয়ের মাথা ছুঁয়ে জালে ঢুকে সমতা ফেরায় চেলসি।
বিরতির পর আবারও কর্নার থেকে গোল করে এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের বাড়ানো বলে টিম্বারের হেডে আসে জয়সূচক গোল। এ মৌসুমে কর্নার থেকে তাদের এটি ১৬তম লিগ গোল—এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যাকসেন্স লাক্রোয়ার গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড—মৌসুমে এত দ্রুত প্রথমবার গোল হজম করে তারা। তবে পরে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা।
লাক্রোয়ার টানে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় ইউনাইটেড, যা থেকে সমতা ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। সেই ঘটনায় লাল কার্ড দেখেন লাক্রোয়া। পরে ফার্নান্দেসের ফ্রি-কিক থেকে ৬৫ মিনিটে হেডে জয়সূচক গোল করেন বেঞ্জামিন শেসকো।
তালিকার নিচের দিকে টটেনহ্যাম হটস্পারের অবনমন শঙ্কা আরও বেড়েছে। ফুলহামের মাঠে ২-১ গোলে হেরে টানা ১০ ম্যাচ জয়ের দেখা পেল না তারা। ১৮তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র চার পয়েন্ট এগিয়ে ১৬তম স্থানে রয়েছে দলটি।
নটিংহ্যাম ফরেস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হারায় টটেনহ্যাম আপাতত নিচে নামেনি।
ফুলহামের হয়ে সপ্তম মিনিটে গোল করেন হ্যারি উইলসন। পরে অ্যালেক্স ইওবির জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। বদলি হিসেবে নেমে ৬৬ মিনিটে হেডে একটি গোল শোধ করেন রিচার্লিসন, তবে তা যথেষ্ট ছিল না।














