মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪৭:০৩ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি লেখেন, “আমি যখন জেলে যাই, তখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছাড়া কেউ খোঁজ নেয়নি।”
এই পোস্টের সূত্র ধরে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট সাংবাদিককে ফোন করে হুমকি ও তুচ্ছতাচ্ছিল্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, ফোনালাপে খাদিজাতুল কুবরা বলেন, “আপনাদের এখনও সময় আছে, আপনারা সংযত হন, এখন থেকে শুধরে যান। আপনারা এই ব্লু সাংবাদিকতা করে প্রত্যেকটা মানুষকে খারাপ করেন।”
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে খাদিজাতুল কুবরা ছাত্রদলে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, তার সিদ্ধান্ত কোনো রাজনৈতিক হিসাব বা আদর্শগত অবস্থান থেকে নয়, বরং ব্যক্তিগত ও মানবিক অভিজ্ঞতার বাস্তবতা থেকেই নেওয়া।
পোস্টে তিনি লেখেন, তার পরিবার সম্পূর্ণভাবে নন-পলিটিক্যাল। কারাবন্দি হওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বড় একটি অংশ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন সংকটময় সময়ে রাজনৈতিক দল হিসেবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–ই তার এবং তার পরিবারের খোঁজ নেয় বলে তিনি দাবি করেন।
খাদিজাতুল কুবরা আরও লেখেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ পর্যায়ের একাধিক নেতা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া ইশরাক হোসেনসহ কয়েকজন নেতা তার পরিবারের খোঁজ নিতে বাসায় যেতে চাইলেও ভয় ও নিরাপত্তাজনিত কারণে পরিবার সেই প্রস্তাবে রাজি হয়নি বলেও তিনি উল্লেখ করেন। বিভিন্ন মাধ্যমে তারেক রহমানও তার খোঁজ নিয়েছিলেন বলে তিনি ধারণা প্রকাশ করেন।
পোস্টে তিনি বলেন, ওই সময়ে আর্থিক সহায়তার চেয়েও পাশে দাঁড়ানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আক্ষেপ করে লেখেন, তার সংকটকালে কোনো জামায়াত নেতা তার খোঁজ নেননি এবং শিবিরের পক্ষ থেকেও কোনো আন্দোলন লক্ষ্য করা যায়নি। পরিশেষে তিনি তার ওপর সংঘটিত নির্যাতনের বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি স্বীকার করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার পক্ষে দাঁড়িয়েছেন—এ বিষয়টি তিনি অস্বীকার করেন না। তবে সবার সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
হুমকির অভিযোগে সাংবাদিকের বক্তব্য
এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক জানান, খাদিজাতুল কুবরার পোস্টে লেখা “রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছাড়া কেউ পাশে ছিল না”—এই বক্তব্যটিকেই সংবাদে একই অর্থ বজায় রেখে উপস্থাপন করা হয়েছে। তবে শব্দচয়নের এই সামান্য রূপান্তরকে কেন্দ্র করে তিনি ফোন করে হুমকি দেন এবং কী লেখা যাবে বা যাবে না—সে বিষয়ে ‘শোধরে যাওয়ার’ কথা বলেন বলে অভিযোগ করেন সাংবাদিক।
সাংবাদিক আরও জানান, এ সংক্রান্ত ফোনালাপের অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে।














