আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: ১৭ জুলাই ২০২৬ , ৭:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ
ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার। প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সংগ্রহ সম্পন্ন হলে নতুন এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।”
তিনি জানান, বর্তমানে ইঞ্জিন ও কোচ সংকট থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হচ্ছে না। এ সংকট নিরসনে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এছাড়া রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি)-এর অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে পেলেই ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু করা হবে।
একই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথ মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথ ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় রেলমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীসেবা সম্প্রসারণে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।















