শিক্ষা ও শিক্ষাঙ্গন

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় এসব পোস্টার লাগানো হয়।

এদিন রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন, শ্যাডো এলাকাসহ কয়েকটি স্থানে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ঘটনা জানার পর সেগুলো তুলে ফেলার ব্যবস্থা করেছি। একই সঙ্গে যেসব এলাকায় পোস্টার লাগানো হয়েছে, সেসব এলাকার নিরাপত্তাকর্মীদের আমরা ডাকবো এবং শোকজ করবো। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে কারা এগুলো করেছে- তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাম্পাস এরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে আজ শনিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিকেল ৩টায় জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্মসূচির আয়োজন করেছে।

আরও খবর

Sponsered content