সারাদেশ

দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’: মির্জা ফখরুল

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ১১ মার্চ ২০২৬ , ৬:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ

 দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, প্রাথমিকভাবে এই কর্মসূচির কাজ শুরু হয়েছে এবং ধীরে ধীরে কার্ড ঘরে ঘরে পৌঁছে যাবে। তাই এ বিষয়ে কেউ যেন অধৈর্য না হন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও  সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি এটিকে নিজের শেষ নির্বাচন বলে উল্লেখ করেছিলেন। জনগণ তাকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়ন ও কাজের মাধ্যমে সেই ঋণ শোধ করার চেষ্টা করবেন।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কর্মসূচিটি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব পরিবার এই কার্ডের আওতায় আসবে। তার ভাষায়, ‘ফ্যামিলি কার্ড’ একটি শক্তি ও ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে নারীরা বিভিন্ন ক্ষেত্রে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে এবং পরিবার ও সমাজে তাদের গুরুত্ব বাড়বে।

সরকারের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ কর্মসূচির জন্য তাদের অঞ্চলকে বেছে নেওয়ায় তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। অনেক ক্ষেত্রে টাকা ছাড়া সেবা পাওয়া যেত না। তবে এবার কোনো ধরনের অর্থ ছাড়াই মানুষ এই কার্ড পাচ্ছেন এবং পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।

মন্ত্রী জানান, সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মধ্যেই এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।

তিনি আরও বলেন, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৭ সাল থেকে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের কাজও শুরু হবে। তরুণদের কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে এবং মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা মো. হান্নুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।

আরও খবর

Sponsered content