সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৪:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের বাইশরশি এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল হক নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে পালং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ।

আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক এনামুল হক (৪৬) সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চরসন্দি গ্রামের বাসিন্দা। তিনি বাইশরশি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত আছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে ভুক্তভোগী ও তার ভাই মক্তবে পড়তে যায়। বৃষ্টির কারণে সেদিন অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় তারা দুজনই সেখানে ছিল। এ সময় অভিযুক্ত ইমাম তার ভাইকে পানি আনতে বাইরে পাঠিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। পরে সে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ভুক্তভোগীর বাবা শহিদুল বেপারী বলেন, ‘আমার ছেলে-মেয়ে প্রতিদিন মক্তবে পড়তে যায়। সেদিন বৃষ্টির কারণে অন্য কোনো শিশু ছিল না। আমার ছেলেকে পানি আনতে পাঠিয়ে আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করা হয়। পরে সে বাড়িতে এসে আমাদের বিষয়টি জানায়।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।

এনামুল হকের ছেলে এহসানুল হক কাউসার দাবি করেন, ‘আমার বাবা একজন সৎ মানুষ। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ওই শিশু পড়া না পারায় বাবা তাকে সামান্য শাসন করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করেছে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরও খবর

Sponsered content