গাইবান্ধা জেলা প্রতিনিধি ১ জুন ২০২৫ , ১১:৩৪:২৯প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বিয়েবহির্ভূত সম্পর্ক থেকে জন্ম নেওয়া এক নবজাতককে শ্বাসরোধে হত্যার অভিযোগে ফাতেমা আক্তার (২০) ও তার মা গোলাপি বেগমকে (৪৮) কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার (৩১ মে) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদ শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাশবাড়ি থানা পুলিশ তাদেরকে এক প্রতিবেশীর দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আদালতের নির্দেশে মা ও মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ফাতেমা আক্তার উপজেলার আসমতপুর গ্রামের মনজুর আলীর মেয়ে এবং অবিবাহিত। তার মা গোলাপি বেগম একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ মে ফাতেমা গাইবান্ধার একটি বেসরকারি ক্লিনিকে একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে সামাজিক মান-সম্মান রক্ষার অজুহাতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে স্থানীয় বালিয়াগাড়ী বিলে ফেলে দেওয়া হয়। এই কাজে সহায়তা করেন তার মা গোলাপি বেগম এবং বাবা মনজুর আলী।
পরবর্তীতে স্থানীয়রা বিলের পাশে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে ফাতেমা, তার মা ও বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার ভিত্তিতে পুলিশ ফাতেমা ও গোলাপিকে গ্রেফতার করে আদালতে হাজির করে, এবং আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।