প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৫:৪৯:৫৫ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় ঘরে থাকা দুটি মোবাইল নিয়ে ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
গতকাল মঙ্গবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নরে ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে বাড়ির মালিক মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা চোরদের আটকানোর চেষ্টা করেন। সে সময় ঝুমুর বেগম নামে এক গৃহবধূ একজন চোরকে জাপটে ধরলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পরবর্তীতে ধস্তাধস্তির একপর্যায়ে চোরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে অবস্থান করা সহযোগীরা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





















