প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১২:০২:৪৭ প্রিন্ট সংস্করণ
লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে আনার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মার্তিন সাত্রিয়ানোর দুর্দান্ত ভলিতে গেতাফের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে সাত্রিয়ানোর চোখধাঁধানো ভলি থিবো কুর্তোয়ার মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়। সেই এক গোলেই টানা দ্বিতীয় লিগ পরাজয়ের তিক্ত স্বাদ পায় মাদ্রিদ। ২৬টি ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট কম।
চোটের কারণে এদিনও খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ২০২৫ সালের শেষদিকে বাম হাঁটুর বাইরের লিগামেন্টে চোট পাওয়ার পর থেকেই ভুগছেন ২৭ বছর বয়সী এই তারকা।
পুরো ম্যাচজুড়ে গেতাফের দৃঢ় রক্ষণভাগ ভোগান্তিতে ফেলে দেয় রিয়ালকে। গোলরক্ষক দাভিদ সোরিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
সাত্রিয়ানোর গোলের আগে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। একা গোলের সামনে পেয়েও সোরিয়ার বাধায় সফল হতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ মিনিটের মধ্যে তিনটি পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। বদলি হওয়া খেলোয়াড়দের একজন ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
বিরতির পর আক্রমণের গতি বাড়ায় মাদ্রিদ। বিশেষ করে প্রান্ত থেকে উড়ে আসা বলগুলোতে হেতাফে রক্ষণভাগকে নড়বড়ে দেখাচ্ছিল। আন্তোনিও রুদিগারের কাছের পোস্ট ঘেঁষা হেড অল্পের জন্য বাইরে চলে যায়। বদলি নামা রদ্রিগোর হেড গোলমুখে গেলেও শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দানি কারভাহাল তা জালে জড়াতে পারেননি।
যোগ করা সময়ে পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। রেফারি আলেখান্দ্রো মুনিস রুইজের প্রতি আপত্তিকর ভাষা ব্যবহারের দায়ে ফ্রাঙ্কো মাস্তান্তুওনো লাল কার্ড দেখেন। কিছুক্ষণ পর সময়ক্ষেপণের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন হেতাফের আদ্রিয়ান লিসোও।
আরবেলোয়ার অধীনে ১২ ম্যাচে এটি চতুর্থ হার। তবে এমবাপ্পে ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম—দুজনই চোটে বাইরে থাকায় দল গঠনেও ভুগতে হচ্ছে তাকে।
টানা তৃতীয় লিগ পরাজয় এড়াতে আগামী শুক্রবার সেলতা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


