আন্তর্জাতিক

ভয়াবহ টার্বুল্যান্সের কবলে ভারতীয় বিমান, আহত ১৪

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৩:২৪:১৪ প্রিন্ট সংস্করণ

মাঝ আকাশে ভারতীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভয়াবহ টার্বুল্যান্সের কবলে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে।এ ঘটনায় মঙ্গলবার অন্তত ১৪ জন যাত্রী ও কেবিন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এআই২৩৭৯ ফ্লাইটটি মঙ্গলবার থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়। এর ফলে বিমানটি তীব্র টার্বুল্যান্সের মুখে পড়ে এবং কয়েক মুহূর্তের জন্য দ্রুত প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়।

সাধারণত সম্ভাব্য টার্বুল্যান্সের আগে যাত্রীদের সিটবেল্ট বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এ ঘটনায় আবহাওয়ার দ্রুত অবনতির কারণে পাইলট আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ পাননি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

তীব্র ঝাঁকুনির পরও পাইলট পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং নিরাপদে বিমানটি দিল্লির উদ্দেশে পরিচালনা করেন। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে ঘটনার কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ের কিছুটা পরে গন্তব্যে পৌঁছায়।

বিমান অবতরণের আগেই পাইলট পুরো বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে জরুরি চিকিৎসা দল প্রস্তুত রাখা হয়। অবতরণের পর আহত যাত্রী ও কেবিন ক্রুদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে এক কেবিন ক্রুর অবস্থা তুলনামূলক গুরুতর, আর কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, টার্বুল্যান্সের কারণ এবং পুরো ঘটনার তদন্ত করা হবে। একই সঙ্গে তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও খবর

Sponsered content