সারাদেশ

মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৩ অক্টোবর ২০২৬ , ৩:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজারীরা অংশ নেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র এবং মধুপুর মদন গোপাল আঙ্গিনা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমারসহ সংশ্লিষ্টরা।

এ সময় মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লিটন ঘোষ, পৌর কমিটির সদস্য সচিব আবির চৌহান, মধুপুর মদন গোপাল সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া পূজার সময় মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

আরও খবর

Sponsered content