মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৪:১১:০৪ প্রিন্ট সংস্করণ
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ ক্কারীপাড়া গ্রামের ৪০ বছর বয়সী সাহিদা বেগম। স্বামী মারা গেছেন ছয় বছর আগে। এরপর দুই সন্তানকে নিয়ে নানা-নানির ভিটেতে কোনোমতে জীবন কাটাচ্ছিলেন তিনি। অন্যের বাড়িতে কাজ ও মানুষের সহায়তায় চলছিল সংসার। এরই মধ্যে চার মাস আগে ধরা পড়ে স্তন ক্যান্সার।
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দুই সন্তানকে মানুষ করতে একাই লড়াই করে আসছিলেন সাহিদা। কিন্তু ক্যান্সার শনাক্ত হওয়ার পর তার সেই সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে তিনটি কেমোথেরাপি নিয়েছেন তিনি। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তবে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি।
বর্তমানে শারীরিকভাবে দুর্বল সাহিদা বেশিরভাগ সময় বিছানায় থাকেন। চিকিৎসা ও ওষুধের খরচ জোগাড় করাই তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। মায়ের অসুস্থতায় দুই কিশোর সন্তানও অসহায় হয়ে পড়েছে।
সাহিদার পরিবার জানায়, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই তার চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।
সাহিদা বেগমের চিকিৎসায় সহায়তা করতে স্থানীয় জনপ্রতিনিধি বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া নগদ: ০১৭৬৬৯৮৪৯৬০ নম্বরে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ করা হয়েছে।





















