স্পোর্টস ডেস্ক ১ জুন ২০২৫ , ৭:০১:৪৬ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে এখন শুধু সাদা পোশাকে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। ক্রিকেট ছাড়ার পর এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবিতে যোগ দেয়ার আগেই তার সঙ্গে কোচ হওয়ার জন্য তার কাছে দিক নির্দেশনা চেয়েছিলেন মাহমুদউল্লাহ-মুশফিক। রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে এমনটাই জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি।
তিনি বলেন, ‘আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। যখন বিসিবিতে যোগ দেই তার আগে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই এডুকেশন ট্রেইনিং প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করতে চাই।’
বাংলাদেশের অনেক সাবেক ক্রিকেটারই এখন কোচিংয়ের সঙ্গে যুক্ত। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপাজয়ী আবাহনীর কোচিং করিয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। এছাড়া খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, তালহা জুবায়ের, হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুলরাও কোচিংয়ে যোগ দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে এখনো কোচিং করানোর অভিজ্ঞতা হয়নি তাদের।
এমআই




















