রাণীশংকৈলে কালবৈশাখি ঝড় হানা দিলো জৈষ্ঠ্যে, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ১১:১৮:০০প্রিন্ট
সংস্করণ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ও আশপাশের এলাকাজুড়ে রোববার ১৮ মে বিকেল সাড়ে ৫ টায় প্রচন্ড কালবৈশাখি ঝড়-বৃষ্টি হানা দিয়েছে।
জ্যৈষ্ঠমাসে বয়ে যাওয়া এ কালবৈশাখি ঝড়বৃষ্টির তান্ডবে এলাকাজুড়ে ঘরবাড়ি গাছপালা ও ফল-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ও আধাপাকা ভবনের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ, ভেঙে পড়েছে অসংখ্য গাছের ডালপালা।।
ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম, ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এ কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়-বৃষ্টি পৌরসভাসহ সমগ্র উপজেলা ও আশপাশের এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে বয়ে যায়।
এ সময় মহাসড়কে গাছপালা ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। কাতিহার, গাজিরহাট আঞ্চলিক সড়কে গাছ উপড়ে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌর এলাকা ও নন্দুয়ার ইউনিয়নে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম মুঠোফোনে জানান ঘরবাড়ি, গাছপালা, ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠ পর্যায়ে গিয়ে খোঁজখবর নিচ্ছে। আগামীকাল সঠিক ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।