প্রচ্ছদ » প্রচ্ছদ » রিদওয়ানুল বারী জিয়নের স্বপ্নযাত্রায় গঙ্গাচড়া পেল আন্তর্জাতিক স্বীকৃতি
রিদওয়ানুল বারী জিয়নের স্বপ্নযাত্রায় গঙ্গাচড়া পেল আন্তর্জাতিক স্বীকৃতি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ৩ মে ২০২৫ , ৩:০৯:০১প্রিন্ট
সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সার্বিক উন্নয়নে একটি উজ্জ্বল নাম হয়ে উঠেছে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড। কেএম রিদওয়ানুল বারী জিয়ন ও জয়রিয়া মোস্তারির নেতৃত্বে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রথম থেকেই বেকারত্ব দূরীকরণে রেখেছে অসামান্য ভূমিকা। গঙ্গাচড়া উপজেলাসহ উত্তরাঞ্চলের প্রায় ১৫ হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতী এই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।
শুধু কর্মসংস্থান নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও অসংখ্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে স্টেডফাস্ট। বন্যার্তদের সহায়তা, অসহায়দের গৃহনির্মাণ, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা ব্যয় বহন এবং মসজিদ-মাদ্রাসা ও মন্দির নির্মাণের মতো কাজে নিরলসভাবে কাজ করছে ‘টিম জিয়ন’ নামে একদল উদ্যমী তরুণ।
এই মানবিক ও উন্নয়নমুখী ধারা বজায় রেখে ২০২২ সালে ক্রীড়াক্ষেত্রে পিছিয়ে থাকা গঙ্গাচড়াকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিত হয় “গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি”। মাদকমুক্ত, সুস্থ ও সক্রিয় প্রজন্ম গড়াই ছিল একাডেমির মূল উদ্দেশ্য। বর্তমানে একাডেমিতে প্রতিদিন গড়ে ১৩০-১৫০ জন ক্রিকেটার এবং ৫০-৬০ জন ফুটবলার নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন উপজেলা পরিষদ মাঠে।
একাডেমিতে ফুটবলে প্রশিক্ষণ দিচ্ছেন সরকারি প্রশিক্ষক আসাদুজ্জামান নাসিম। স্টেডফাস্টের নিয়োগকৃত প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাজেদুল ইসলাম লুলু এবং সহযোগী প্রশিক্ষক হিসেবে রয়েছেন ওয়াহিদুজ্জামান হৃদয় ও কিপন। ক্রিকেট বিভাগে প্রশিক্ষক হিসেবে আছেন চাঁদ মিয়া।
তিন বছরের এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে FIFA-AFC স্বীকৃত ওয়ান স্টার ফুটবল একাডেমির সনদ অর্জন করে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি। সনদটি গ্রহণ করেন একাডেমির ব্যবস্থাপক রেজাউল করিম রাযী ও প্রশিক্ষকবৃন্দ।
প্রধান প্রশিক্ষক সাজেদুল ইসলাম লুলু বলেন, “স্টেডফাস্ট যে মহৎ উদ্দেশ্যে এই একাডেমি প্রতিষ্ঠা করেছে, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ, একদিন গঙ্গাচড়া থেকেই জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।”
একাডেমির ব্যবস্থাপক রেজাউল করিম রাযী বলেন, “গঙ্গাচড়াকে এগিয়ে নিতে স্টেডফাস্ট অবিচলভাবে কাজ করে যাচ্ছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন বলেন, “আমি গঙ্গাচড়ার সন্তান। এই জনপদের প্রতি দায়বদ্ধতা থেকেই জনকল্যাণে কাজ করছি। গঙ্গাচড়া স্পোর্টস একাডেমি সেই প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতে এখানে অন্যান্য খেলাধুলার ইভেন্ট যুক্ত করে জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে আনার পরিকল্পনা রয়েছে।”
এই সনদপ্রাপ্তি শুধু গৌরব নয়, বরং গঙ্গাচড়ার ক্রীড়াক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা।