প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:০০:৩৭ প্রিন্ট সংস্করণ
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি রুমিনকে ‘রাজনীতির রায়বাঘিনি’ আখ্যা দিয়ে বলেছেন, বিএনপিতে তার মতো সাহসী ও বুদ্ধিমতী নেত্রী খুব একটা নেই।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, “রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের তুলনায় অনেক বেশি সম্মানজনক। তিনি আসলে ‘বিউটি উইথ ব্রেইন’। তার মতো তুখোড় নেতৃত্বকে বিএনপি শক্ত সমর্থন না দিয়ে ভুল করছে।”
রনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে সংসদে এবং টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা একাই দলকে উজ্জীবিত রেখেছেন। তার ভাষায়, “সংসদে হাসতে হাসতে যখন তিনি মাইক ধরতেন, তখন আওয়ামী লীগের স্পিকারসহ সবাই হতবাক হয়ে যেতেন। বিএনপির শতাধিক বড় নেতা প্রতিদিন যা করতে পারতেন না, রুমিনের একটি বক্তব্যে দল সেই পর্যায়ে চলে যেত।”
নারী নেতৃত্ব প্রসঙ্গে রনি বলেন, “যখন কোনো নারী বিউটি উইথ ব্রেইন হয়, তখন তা পুরুষতান্ত্রিক সমাজে অনেকের জন্য অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। তাই বিরোধীরা রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।”
তবে বিএনপির ভেতরে রুমিনের প্রতি প্রত্যাশিত সমর্থন নেই বলে মন্তব্য করেন রনি। তার অভিযোগ, “বিভিন্ন জেলায় বিএনপি ত্যাগী নেতাকর্মীদের কোরবানি দিচ্ছে। রুমিনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি শুধু রুমিনের ক্ষতি করবে না, একইসঙ্গে বিএনপিরও বড় ক্ষতি ডেকে আনবে।”
তিনি উদাহরণ টেনে বলেন, “কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতো নেতাকে সুযোগ দেওয়ার নামে নিজেদের অনেক ত্যাগী নেতাকে কোরবানি দিতে চাইছে বিএনপি। এই ধরণের নীরবতা ও ত্যাগীদের অবহেলা দলকে শেষ করে দেবে।”
গোলাম মাওলা রনির এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।














