প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ২:২২:৫২ প্রিন্ট সংস্করণ
লাইট, ক্যামেরা, অ্যাকশন- রঙিন দুনিয়ায় থাকেন শোবিজের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। কিন্তু এই পর্দার ঝলমলে আলো আর করতালির আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। দীর্ঘ ৫২ বছরের সিনেমাজীবন পেছনে ফেলে সেই আক্ষেপই প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নূতন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। বহুদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হলেও মনের ভেতরের কষ্ট লুকাতে পারেননি।
কেমন আছেন, এমন প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতেও বেঁচে নেই। কোনো অনুষ্ঠানে দেখা হলে খোঁজখবর নেওয়া হয়, এরপর আর কেউ মনে রাখে না।’
প্রশ্ন ছুড়ে দিয়ে নূতন বলেন, ‘শিল্পীদের জীবন কেন এমন হবে? আমার ৫২ বছরের সিনেমার ক্যারিয়ার। আমরা মরে গেলে কাগজে একটা ছবি ছাপানো হবে, লেখা হবে উনি ভালো ছিলেন, অমুক ছিলেন। জীবিত থাকতে কেন লেখা হয় না। জীবিত থাকতে শিল্পীদের নিয়ে কেন কথা হয় না। সবার কাছে এটা আমার জিজ্ঞাসা।’
গত ডিসেম্বরে মারা যান তার স্বামী, সিনেমা প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। স্বামীর অসুস্থতা ও মৃত্যুর সময় ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পাননি বলে অভিযোগ করেন নূতন। তার কথায়, ‘উনি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলেন। অসুস্থ অবস্থায় খুব কম মানুষ দেখতে গেছেন। জানাজায়ও তেমন কাউকে দেখিনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ।’
তিনি মনে করেন, শিল্পী, পরিচালক, প্রযোজক সবাই মিলেই ইন্ডাস্ট্রি। যারা অবদান রেখে গেছেন, তাদের জীবিত থাকতেই সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত।
নূতনের এই আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।














