প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ২:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
চার কোটি ২০ লাখ টাকা মূল্যের কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের মহাখালী ডিওএইচএস এর ২৭০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতির অভিযোগ থাকায় আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশালজজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
আফরোজা বেগম সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের স্ত্রী।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক ফ্ল্যাটটি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যানা সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুন্ধানকালে প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নং রোডস্থ ১৯০ নং প্লটের উপর নির্মিত Mamory By Momen ভবনে ২৭০০ স্কয়ার ফিট আয়তনের ফ্ল্যাট রয়েছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আফরোজা বেগম তার নামে অর্জিত স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফ্ল্যাটটি জব্দের আবেদন প্রয়োজন।




















