প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৪৭:২৭ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। চয়ন ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ।
পরে বাড়িটির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামিলীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে আরো অপরাধী বা মামলার আসামী থাকতে পারে এমন সন্দেহ ফের অভিযান শুরু করে পুলিশ। এসময় ছাত্র সমন্বয়রা মিছিল করে বাড়ির চারপাশে অবস্থান করে।
জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য হাসান হাবিব বলেন,’ সিরাজগঞ্জের এমপি ওই বাড়িতে অবস্থান করছে আমাদের ছাত্ররা প্রথমে খোঁজ পায়। পরে আমাদেরকে জানালে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর ঝাপিয়ে পড়া অনেক আওয়ামী লীগের দোসর গাজীপুরে ঝাপটা মেরে আছে। আমরা গোপনে তাদেরকে খোঁজ করছি। সকলকেই আইনের আওতায় আনা হবে।’
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। চয়ন ইসলামকে আটক করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’





















