সিলেট প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:৩৬:২০ প্রিন্ট সংস্করণ
সিলেটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে গণবিবাহের মাধ্যমে ১২৬ তরুণ-তরুণীর নতুন জীবনের সূচনা হয়েছে। অর্থাভাবে বিয়ে করতে না পারা এসব যুগলের স্বপ্ন পূরণ করেছে মানবিক সংগঠন ‘সিডস অব সাদাকাহ’।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের একটি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’ অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে। আয়োজক সূত্রে জানা যায়, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এসব তরুণ-তরুণী প্রাপ্তবয়স্ক হলেও আর্থিক সংকটের কারণে তাদের সংসার শুরু করা সম্ভব হচ্ছিল না। যুক্তরাজ্যপ্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’ তাদের পাশে দাঁড়ায়।
সমাজের বিত্তবান পরিবারের বিয়ের মতোই আলোকসজ্জা, আপ্যায়ন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে গণবিবাহ সম্পন্ন হয়। নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রতিটি দম্পতিকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৭৭ ধরনের প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সিডস অব সাদাকাহর প্রধান মো. জয়ানুল আবেদিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। এ আয়োজন সেই প্রচেষ্টারই অংশ।”
সংগঠনের অন্যতম আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এ সহায়তা নবদম্পতিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি করবে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।




















