কৃষি বার্তা

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষে সহায়তা পেল ১,২০০ কৃষক

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৫ , ৩:১০:৫৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ধান, গম, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের দিনে উপজেলার ১,২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃঞ্চ রায় জানান, চলতি রবি মৌসুমে বিরামপুর উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,২০০ জন কৃষকের প্রত্যেককে বারী-১৪ জাতের সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “বারী-১৪ জাতের আগাম সরিষা বীজ বুনলে কৃষকরা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন। এরপর একই জমিতে অন্য ফসল আবাদ করা সম্ভব হবে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।”

আরও খবর

Sponsered content