নেটদুনিয়ায় বেশ ক’দিন ধরেই চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে চলছে নানা আলোচনা। ঠিক এমন সময়ই তার পাশে দাঁড়ালেন আরেক চিত্রনায়ক ওমর সানী। তার মতে, অনন্ত জলিলের ওপর তার আস্থা রয়েছে। সাম্প্রতিক আলোচনা ও সমালোচনা তিনি দ্রুতই সামলে নিতে পারবেন বলে বিশ্বাস করেন এই অভিনেতা।
গতকাল রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন, ব্যবসা, অভিনয় এবং অনন্ত জলিলকে নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।
ভিডিওতে অনন্ত জলিল প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্ত জলিলকে ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার মনে হয়, তিনি বিষয়টি খুব সংক্ষেপেই সমাধান করে ফেলবেন।’
অনন্ত জলিলকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব, অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও কথা বলেন ওমর সানী। জানান, অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসা দেখভাল করেন তিনি। হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার পথে প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে যাতায়াত করেন বলেও জানান এই অভিনেতা।
রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশেও জবাব দেন সানী। তার ভাষ্য, তিনি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করেন। পাশাপাশি ভালো চরিত্র পেলে অভিনয়ও করবেন। তার কথায়, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো, যা তাকে নিতেই হবে।
এ ছাড়া ফুটবল খেলা দেখতে আমন্ত্রণ পেলে কিংবা কোনো প্রতিষ্ঠানের হয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ এলে যাচাই-বাছাই করে সাড়া দেন বলেও জানান তিনি। নিজের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে ভালো আছেন উল্লেখ করে ওমর সানী বলেন, ভালো থাকাটাই তার কাছে জীবনের অন্যতম আনন্দ।
ভিডিওর শেষ দিকে নিজের জীবনযাপন, কাজ ও ব্যক্তিগত পছন্দ নিয়ে ইতিবাচক থাকার কথাও জানান এই অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।