২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে মিসর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্পোকেনে দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচে চোট পাওয়ার পর এটিই ছিল মাঠে তার প্রথম অনুশীলন।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলের ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। ইনজুরির কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এরপর থেকেই নকআউট পর্বে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে অনুশীলনে ফেরায় সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে। মিসর শিবিরেও ফিরেছে স্বস্তি।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহর অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে লেখা হয়, ‘দ্য কিং ইজ ব্যাক’ অর্থাৎ, ‘রাজা ফিরে এসেছেন।’ এই বার্তাই সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছেন সালাহ। গ্রুপপর্বের তিন ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।
তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। দলের আক্রমণভাগের প্রধান ভরসাও তিনি।
গ্রুপপর্বে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পর দ্বিতীয় হয়ে শেষ বত্রিশে উঠেছে মিসর।
আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট লড়াইয়ে মাঠে নামবে আফ্রিকার দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সালাহ পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে মিসরের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলেই আশা করছে দলটির কোচিং স্টাফ ও সমর্থকরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।