
তেজগাঁও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাইন উদ্দিন এবং নির্বাচন কমিশনার, নির্ভীক সংবাদের সম্পাদক ও প্রকাশক আ আ ম একরামুল হক আসাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং সাংবাদিক আসাদকে হত্যার হুমকির অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শামীম।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, তেজগাঁও প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে কথিত সাংবাদিক নার্গিস চৌধুরী লাভলী প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাইন উদ্দিন ও নির্বাচন কমিশনার আ আ ম একরামুল হক আসাদের বিরুদ্ধে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সময় কমিশনারদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার শুধু তাদের ব্যক্তিগত মর্যাদাহানির শামিল নয়, বরং একটি সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তারা আরও অভিযোগ করেন, নার্গিস চৌধুরী লাভলীর স্বামী মিলন সিকদার নিরঞ্জন সাংবাদিক আ আ ম একরামুল হক আসাদকে হত্যার হুমকি দিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে অবিলম্বে এসব অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও হুমকি-ধমকি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তেজগাঁও প্রেসক্লাব সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।