রাজনীতি

অবশেষে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৭:০৫:৪৯ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশসংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। তাকে পরিবর্তন করে আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে।

চট্টগ্রাম-১০ আসনে মননোয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আসনটিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার তাঁকে এ আসন থেকে চট্টগ্রাম-১১ আসনে সরিয়ে নেওয়া হয়। চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক বিএনপি নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানকে। এর আগে চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। আসনটি থেকে আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এক পরিবার, এক আসন নীতির কারণে মনোনয়ন পাননি ইসরাফিল খসরু।ি।

এদিকে, শনিবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী। এ সময় নেতা–কর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে, ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা।

আরও খবর

Sponsered content