
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে ওঠা আলোচিত ঘটনায় একদিকে অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর নির্যাতনের অভিযোগ, অন্যদিকে অভিযোগগুলোকে পরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও সম্মানহানির অপচেষ্টা হিসেবে দাবি করছে সংশ্লিষ্ট একটি পক্ষ। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনাটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটনে এখন নিরপেক্ষ তদন্তকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ঘটনাটির সূচনা হয় একটি প্রস্তাবিত বিজ্ঞাপন চুক্তিকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ওই চুক্তির সূত্র ধরে একটি পক্ষ শিল্পপ্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে। তবে পরবর্তীতে বিষয়টি ব্যবসায়িক আলোচনার গণ্ডি ছাড়িয়ে গুরুতর বিরোধে রূপ নেয়।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শিল্পপতি নজরুল ইসলামকে একটি নথিতে স্বাক্ষর করানোর চেষ্টা হয়েছিল। তিনি তাতে সম্মতি না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সূত্র আরও দাবি করেছে, পরবর্তীতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়।
অন্যদিকে সংবাদ সম্মেলনে অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী দাবি করেন, তাকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে। তবে তার বর্ণনায় উল্লেখিত ঘটনাপ্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নির্যাতনের ধরন, শারীরিক অবস্থার বর্ণনা এবং পরবর্তী সময়ে তার চলাফেরা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়েছে।
এদিকে ঘটনাস্থল হিসেবে আলোচিত ভবনটিতে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা থাকার বিষয়টিও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটে থাকে কিংবা না ঘটে থাকে, উভয় ক্ষেত্রেই সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও বহির্গমনের রেকর্ড, মোবাইল ফোনের লোকেশন, কল ডিটেইলস এবং অন্যান্য ডিজিটাল আলামত ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সক্ষম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও একটি আলোচিত বিষয় হলো তথাকথিত 'জেবা তাকিয়া' প্রসঙ্গ। অভিযোগকারী দাবি করেছেন, তাকে অন্য একজন ভেবে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে এই বক্তব্যেরও স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তদন্তে এ বিষয়টিরও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া জরুরি।
স্নিগ্ধা চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, তাকে 'জেবা তাকিয়া' নামে অন্য এক নারীর সঙ্গে গুলিয়ে ফেলে নজরুল ইসলাম বিয়ের জন্য চাপ দিয়েছেন এবং পুরোনো অর্থ লেনদেনের হিসাব মিলাতে নির্যাতন করেছেন। কিন্তু এই বয়ানের ভেতরেই লুকিয়ে আছে চরম বৈপরীত্য। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার সঙ্গে বহু বছর ধরে ব্যবসায়িক ও সামাজিক পরিমণ্ডলের যোগাযোগ, তিনি সম্পূর্ণ অপরিচিত একজন অভিনেত্রীকে হঠাৎ অন্য একজন নারী ভেবে নির্যাতন করবেন—এমন দাবি অত্যন্ত হাস্যকর। অনুসন্ধানে দেখা গেছে, নজরুল ইসলামের পুরোনো কোনো আইনি জটিলতা বা বিষয়ের নাম ব্যবহার করে একটি কৃত্রিম আখ্যান তৈরি করাই ছিল স্নিগ্ধার মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ এবং মিডিয়াকে সহজেই বিভ্রান্ত করা যায়।
অভিনেত্রী স্নিগ্ধা নিজের মিথ্যার বেসাতিতে অনেকের হাস্যরসের পাত্র হয়েছেন। একবার তিনি বলছেন, নজরুল ইসলামকে বিয়ে করতে না চাওয়ায় তার ওপর নির্যাতন করা হয়েছে। আবার বলছেন, মডেল বানানোর কথা বলে ডেকে নিয়ে চাহিদামতো টাকা না দেওয়ায় তাকে হেনস্তা করা হয়েছে। নিজের ওপর নির্যাতনের বর্ণনা তিনি যেভাবে করেছেন, তাতে দৌড়ে পালানো কীভাবে সম্ভব? তিনি বলেছেন, নির্যাতনের কারণে তিনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। আবার বলছেন, দৌড়ে পালিয়ে নিজ বাসায় চলে গেছেন। সেন্সলেস একজন মানুষ কীভাবে দৌড়ে পালাতে পারেন, সেই ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নানা ধরনের মন্তব্য, ট্রল এবং একপাক্ষিক প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইনজ্ঞদের মতে, আদালতের রায়ের আগে কাউকে অপরাধী বা নির্দোষ ঘোষণা করা যেমন অনুচিত, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টাও বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর তদন্ত। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক বিশ্লেষণ, ডিজিটাল তথ্য, মোবাইল কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করেই প্রকৃত সত্য নির্ধারণ সম্ভব। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর অভিযোগ অসত্য প্রমাণিত হলে মিথ্যা অভিযোগ, অপপ্রচার বা ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত।
এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে এখন সবার দৃষ্টি তদন্তকারী সংস্থার নিরপেক্ষ অনুসন্ধানের দিকে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।