
দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে দিন কাটছিল সুবর্ণার। হাঁটার শক্তি নেই, দৈনন্দিন কাজ করার সামর্থ্যও হারিয়েছিলেন তিনি। কোমরের জোড়া ও হাড়ের জটিল সমস্যায় যন্ত্রণায় কাতর হয়ে অনিশ্চয়তায় কাটছিল তাঁর জীবন।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর গ্রামের সুবর্ণার সুস্থতার জন্য প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছিলেন, এ চিকিৎসায় খরচ হবে ১০ লাখ টাকারও বেশি। অসচ্ছল পরিবারের পক্ষে বিপুল এই অর্থের সংস্থান করা ছিল প্রায় অসম্ভব। ফলে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল পরিবারটি।
এ অবস্থায় সুবর্ণার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বেগুনবাড়ি ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আক্কাছ আলীকে। পরে তিনি বিষয়টি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে জানান। বিষয়টি জানার পর সুবর্ণার চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
মির্জা ফয়সল আমিনের সহযোগিতায় ঢাকার পঙ্গু হাসপাতালে সুবর্ণার চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে অনেকটাই সুস্থ সুবর্ণা। সম্প্রতি তিনি নিজের বাড়িতেও ফিরেছেন।
আক্কাছ আলী বলেন, ‘সুবর্ণার পরিবার অত্যন্ত অসহায় ছিল। চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তাদের ছিল না। মির্জা ফয়সল আমিনকে বিষয়টি জানানোর পর তিনি গুরুত্ব দিয়ে চিকিৎসার দায়িত্ব নেন। তাঁর সহযোগিতায় আজ সুবর্ণা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাঁটাচলার শক্তি হারিয়ে সুবর্ণার জীবন প্রায় থমকে গিয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে। এ সহযোগিতার জন্য তারা মির্জা ফয়সল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সুবর্ণার পরিবারের সদস্যরা বলেন, ‘অর্থের অভাবে যখন চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না, তখন মির্জা ফয়সল আমিন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর আর্থিক সহায়তায় সুবর্ণা আজ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।