
অর্ধবার্ষিক হিসাব সমাপনী ২০২৫-এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ১৮টি জোনের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে নওগাঁ জোন। এই সাফল্যের পেছনে জোনটির আওতাধীন ৩০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও দলগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নওগাঁ জোনের এই উল্লেখযোগ্য সাফল্যে নেতৃত্ব দিয়েছেন জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তাঁর কার্যকর দিকনির্দেশনা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সুসমন্বিত ব্যবস্থাপনার ফলে অর্ধবার্ষিক হিসাব সমাপনিতে কাঙ্ক্ষিত এই অর্জন সম্ভব হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নওগাঁ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মো. রুহুল আমিন বলেন, “এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। নওগাঁ জোনের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফলেই আমরা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও গ্রাহকসেবা উন্নয়ন, ঋণ আদায় ও ব্যাংকের স্বার্থ রক্ষায় সবাই দায়িত্বশীল থাকলে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।”
নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “জোনাল ব্যবস্থাপকের সঠিক নেতৃত্ব ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আমরা আশাবাদী, আগামী জুন ২০২৬-এর বার্ষিক হিসাব সমাপনীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
এ সময় নওগাঁ জোনের কর্মকর্তা-কর্মচারীরা আগামী দিনের লক্ষ্য অর্জনে আরও বেশি আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।