নীলফামারী-৩ আসনে (সংরক্ষিত) আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) মোছা. আশিকা সুলতানার তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রাধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলাম এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই ঘটনার সাথে আসামি আশিকা সুলতানা জড়িত আছেন। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা। সুতরাং মিছিলের মূল রহস্য উদ্ঘাটন, পলাতকদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীদের রহস্য উদ্ঘাটনে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন স্থানে মিছিল করাতে অর্থ জোগান দিচ্ছেন এই আসামি। তদন্তকারী কর্মকর্তার তদন্তে এসব তথ্য এসেছে। তাই এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে তথ্য উদ্ঘাটনে জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন ।
শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম এই রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুন মিরপুর ১ এর এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ- ছাত্রলীগের ৪০/৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর ১১ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।