সারাদেশ

আগৈলঝাড়ার সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই, এলাকায় শোকের ছায়া

  আগৈলঝাড়া প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৪:০০:১৯ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক দুলাল দাস গুপ্ত (৮৭) আর নেই। শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে উপজেলার মধ্য শিহিপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেলে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

দুলাল দাস গুপ্ত ১৯৯০ সালে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি দীর্ঘদিন গৈলা মনসা মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বড় ছেলে রবিন দাস গুপ্ত গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তহশিলদার হিসেবে কর্মরত রয়েছেন। ছোট ছেলে কাজল দাস গুপ্ত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুলাল দাস গুপ্তের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content