
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামে ক্রয়কৃত জমিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাসিন্দা হৃদয় শিকদার ২০২৩ সালে প্রায় ৮ লাখ টাকায় ১১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরপরই একটি প্রভাবশালী মহল জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা দাবি করে, যা পরে তিনি পরিশোধ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে জমিটি ভরাট করে নিরাপত্তার জন্য আংশিক টিনের বেড়া দেওয়া হয়। এতে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি পরিবারের।
অভিযোগ অনুযায়ী, গত ৫ এপ্রিল সকালে জমির বাকি অংশে বেড়া দেওয়ার কাজ শেষ হলে বিকেলে একদল লোক এসে সিমেন্ট ও কাঠের খুঁটি ভেঙে ফেলে।
ঘটনার সময় জমির মালিক ঢাকায় থাকলেও খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গেলে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ সময় অভিযুক্তরা নতুন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে আরও ভাঙচুর ও হামলার হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, চাঁদা না দেওয়ায় তাদের জমিতে বারবার ভাঙচুর করা হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একই সঙ্গে ক্রয়কৃত জমি নির্বিঘ্নে ভোগদখল এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।