আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১১:৪৮:২০ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা বালুর মাঠসংলগ্ন উজিরপুরগামী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও গর্ত। কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় এবং বৃষ্টির পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ইট সোলিং থাকলেও বর্তমানে অধিকাংশ ইট উঠে গেছে। এতে যানবাহন চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি আরও বেড়ে যায়।
সড়কটি সংস্কারের জন্য স্থানীয়রা বিভিন্ন মহলে যোগাযোগ করে সরকারি বরাদ্দের চেষ্টা করলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় বাজেট পাওয়া যায়নি। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ কমাতে এবার নিজেরাই উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও কল্লোল পল্লি মঙ্গল তরুণ সংঘের উদ্যোগে স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এ কাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন।
উদ্যোক্তারা জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়েছে। তবে পুরো সড়কটি সংস্কার করতে আরও অর্থের প্রয়োজন। সরকারি বরাদ্দ পাওয়া গেলে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, সড়কটি সংস্কার হলে শুধু বাগধা ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগই কমবে না, উজিরপুরসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগও আরও নিরাপদ ও সহজ হবে।
এলাকাবাসী দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় সরকারি বরাদ্দের দাবি জানিয়েছেন।





















