বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূলে বিশেষ ভূমিকা এবং বড় ধরনের পেসার কুকার বোমা উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবারও জেলা পুলিশের সম্মাননা পেয়েছেন।
সম্প্রতি বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান তাঁর হাতে নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রের দায়িত্ব পালনে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমি সরকারি পোশাক পরেছি, তাই রাষ্ট্রের স্বার্থে অর্পিত যেকোনো দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “অতীতে থানায় হামলা চালিয়ে আমার মনোবল ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো বাধা কিংবা ভয়ভীতি আমাকে দায়িত্ব থেকে পিছিয়ে দিতে পারেনি। যত বাধাই আসুক, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আমার দায়িত্ব পালন করে যাব।”
ওসি মাসুদ খানের এমন বক্তব্যে তাঁর দায়িত্ববোধ, সাহসিকতা ও পেশাগত অঙ্গীকারের বিষয়টি উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ দমনে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের এ সম্মাননা আগৈলঝাড়া থানা পুলিশের সদস্যদের মধ্যেও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়েই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।