পারিবারিক গল্প ও কমেডির মিশেলে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নাটকটির চতুর্থ সিক্যুয়েল ‘জ্ঞানী গণি ৪’। এতেও দর্শকদের হাসাতে ও ভাবাতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবনকে। এটি পরিচালনা করেছেন ইমরান ইমন।
এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতিবিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতিতে জ্ঞানী গণি কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে পর্দায়।
ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের মতো এবারও দর্শক গণির কাণ্ডকারখানা বেশ উপভোগ করবেন।’
শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই নাটকের চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই। এতে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী প্রমুখ।
বঙ্গ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাদের প্ল্যাটফর্মে নাটকটির এই নতুন সিক্যুয়েলের স্ট্রিমিং হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।