
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খেয়া ঘাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে উপজেলার দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের পথ সুগম হলো।
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রকল্পটি অনুমোদনের তথ্য জানান। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসাদপুর খেয়া ঘাটে সেতু না থাকায় নদীর দুই পাড়ের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো এবং বর্ষায় নদীর পানি বাড়লে নৌকায় পারাপার হতে হয়। এতে কৃষিপণ্য ও জরুরি রোগী পরিবহনে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন এলাকাবাসী।
সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সেতুটির নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।