উচ্চ আদালতের আদেশে দায়িত্বে ফিরেছেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তিনি আদালতের আদেশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে সাক্ষাৎ করেন এবং বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেন।
চেয়ারম্যান বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমি কোনো দুর্নীতি করিনি—যা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। আমার জনপ্রিয়তা নষ্ট করা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।”
তিনি আরও বলেন, “শাহবন্দেগী ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে কার্যালয়ের কোনো নিজস্ব জমি ছিল না। আমি দায়িত্ব নেওয়ার পর স্থায়ী কার্যালয় নির্মাণের লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকায় জমি ক্রয় করেছি এবং ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। আমি কখনো সেবার বিনিময়ে সুবিধা গ্রহণ করিনি। তাই আমার পরিষদকে বিতর্কিত করার জন্য একটি মহল সচেষ্ট।”
চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়। তার ইউনিয়নের শতাধিক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেলযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে চেয়ারম্যানের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস জানান।
