প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে নওগাঁয় কর্মশালা

‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজশাহীর দুর্গাপুরে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম ও মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক সিড ডিলার মো. মোস্তাফিজুর রহমান মিঠু ও রেজাউল ইসলাম। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. আমিনুল ইসলাম। এছাড়া টেরিটরি অফিসার মো. মারুফ হাসান ও ব্র্যান্ড প্রমোটার মো. মাহাফুজ আহম্মেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুল ইসলাম উচ্চফলনশীল আলুর জাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রজেক্টরের মাধ্যমে ডায়ামন্ট, এস্ট্রারিক্স ও লালপাকড়ি জাতের বৈশিষ্ট্য উপস্থাপন করেন।
কর্মশালায় টিস্যু কালচার পদ্ধতিতে রোগমুক্ত বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ কৌশল, সুষম সার প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আলুর মড়ক বা ‘লেট ব্লাইট’ রোগ দমনে আধুনিক প্রতিকার ও ফাঙ্গিসাইড ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া রাইজোকটোনিয়া, স্ক্যাব, কাণ্ডপচা ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধ এবং এফিড দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। ফসল সংগ্রহের পর কিউরিং, গ্রেডিং ও সংরক্ষণ পদ্ধতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, দেশব্যাপী এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪২ হাজার কৃষককে আধুনিক চাষাবাদের আওতায় আনার লক্ষ্য রয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com