
আওয়ামী লীগের ‘ভয়াবহ দুঃশাসন’ থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রত্যেক নেতাকর্মীর মঙ্গল কামনা করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ‘তাদের ভুলি কী করে’ শিরোনামে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “এই মানুষগুলোর অবদান ভুলে যাওয়া আমাদের মতো মাঠের কর্মীর জন্য খুব কঠিন।”
নিপুণ রায় লেখেন, “আওয়ামী লীগের দুঃশাসনে চলছে গুম, খুন, হামলা, গায়েবি মামলা ও গ্রেপ্তার। বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজন ঘরছাড়া। বিএনপি বা তারেক রহমানের পক্ষে একটি শব্দ উচ্চারণ করাও ছিল দুঃস্বপ্নের মতো। এমন পরিস্থিতিতে দলের কর্মসূচি পালন করা ছিল মৃত্যুসম।”

তিনি আরও লেখেন, “রাজপথে, কারাগারে, রিমান্ডে বা আদালতপাড়ায় যারা আমাদের সঙ্গে ছিলেন—তাদের মধ্যে রয়েছেন বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, কাজী সাইয়েদুল আলম বাবুল, সুলতান সালাহউদ্দিন টুকু, নজরুল ইসলাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বিলকিস ইসলাম, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নিলোফার চৌধুরী মনি ও ঢাকা জেলার অসংখ্য নেতাকর্মী, বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। এই মানুষগুলোর অবদান ভুলে যাওয়া সম্ভব নয়।”
জুলাই আন্দোলনের সময়কার পরিস্থিতি স্মরণ করে তিনি লিখেছেন, “হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিলেও আমরা সাধারণ ফোনে কথা বলে দিকনির্দেশনা আদান-প্রদান করেছি। আন্দোলন চালিয়ে গেছি।”
পোস্টের শেষাংশে নিপুণ রায় লেখেন, “আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রতিটি নেতাকর্মীর মঙ্গল কামনা করি।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।