
বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা ৯নং ওয়ার্ডে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন প্রায় ১০০ মিটার কাঁচা রাস্তা। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে স্থানীয় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও চাকরিজীবী একত্র হয়ে দিনের বেলা কাজ শেষ করে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে সড়কটি চালু করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ছোনাউডা ৯নং ওয়ার্ডের রাস্তাটি প্রায় দুই দশক ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। শুষ্ক মৌসুমে আলপথে চলাচল করা সম্ভব হলেও বর্ষার সময় প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পথ ঘুরে যেতে হতো। কখনো কলাগাছের ভেলা তৈরি করে আবার কখনো হাঁটুপানিতে পথ পার হতো।
রাস্তাটি নির্মাণে নেতৃত্ব দেওয়া হলদিয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ তালুকদার বলেন, “এই রাস্তাটি না থাকায় স্কুল, মাদ্রাসা ও শহরের যাতায়াত অনেক কষ্টসাধ্য ছিল। প্রায় ১০০ জন মিলে মাটি কেটে সড়কটি মোটামুটি চলার উপযোগী করেছি। সরকারি বরাদ্দ পেলে আরও সুন্দরভাবে কাজ করা যেত।” তিনি অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে একই চেয়ারম্যান ও মেম্বারের কার্যক্রম এলাকার উন্নয়নে যথাযথ হয়নি।
হলদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং প্যানেল চেয়ারম্যান সেতু মল্লিক বলেন, “গ্রামবাসীর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করা হবে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রোকুনুজ্জামান খান বলেন, “ওই সড়ক নির্মাণের বিষয়ে পূর্বে কেউ জানায়নি। সরকারি রেকর্ডভুক্ত সড়ক কি না তা যাচাই করা হবে। গ্রামবাসী নিজ উদ্যোগে কাজ করার জন্য তাদের সাধুবাদ জানাই।”
গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সড়ক স্থানীয়দের জীবনযাত্রাকে সহজ করবে এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।