চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা মো. জাহেদ (৫৫)। এসময় দুই শিশুর মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি শাশুড়ির কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওনা থাকার কথাও লিখেছেন।
চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী (২,৬০,০০০)। ২,৬০,০০০ টাকা শাশুড়ির কাছ থেকে পাব।’
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে জাহেদ ও তার দুই মেয়ে জাসিয়া জান্নাত ও জারিন জান্নাতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ ও মানসিক হতাশা থেকে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে তার সঙ্গে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা চিরকুটেও একই পরিমাণ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, মরদহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আকমল হোসেন (৬০) বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিজে মারা যাওয়ার আগে দুটি শিশুকে হত্যা করেছিলেন। যেহেতু মূল অভিযুক্ত ব্যক্তি নিজেই মারা গেছেন, তাই এ ঘটনায় নতুন করে কাউকে আটকের সুযোগ নেই। তাছাড়া নিহত ব্যক্তির পরিবারও এ বিষয়ে কোনো অভিযোগ না জানিয়ে অপমৃত্যুর মামলার বিষয়টিই মেনে নিয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত করায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ আপত্তি জানিয়ে শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন। বিকেলে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুর মরদেহ বিছানায় এবং জাহেদের মরদেহ ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।