ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের সমালোচনা করে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেছেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহনমন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’
আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সাইফুল আলম মিলন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, ‘গতকাল সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ঈদযাত্রা স্বস্তির ছিল। কিন্তু ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই। বিআরটিএ’র প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছেন, যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন (৩৫১ জন)। এরপর আমরা দেখলাম দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল, স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো— আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?’
তিনি বলেন, ‘দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল, কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছে তাদের মাত্র ২৫ হাজার টাকা..., জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।’
জামায়াতের এমপি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী একটি বিবৃতি দিলেন। আমরা তো ওয়েস্ট মিনিস্টার সংসদীয় ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কি না? তিনি পদত্যাগের চিন্তা করবেন কি না?’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।