প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
আলামিন হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার

পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাইমুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। তিনি পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের সঙ্গে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সদস্যরাও সহযোগিতা করেন।
অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে কাজীপাড়া এলাকার বাড়ি থেকে নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানিয়েছে, নাইমুজ্জামান ভূইয়া আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আলামিন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। মামলাটি পঞ্চগড় সদর থানায় দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com