মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১:২০:৫৯ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খনি কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরুর কথা জানায় কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাতে নতুন ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতেখার আলম চৌধুরী।
খনি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শেষ হয়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। পরে ফেইজটি বন্ধ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তর করা হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় আড়াই মাস সময় লাগে।
এদিকে, খনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুত কয়লার পাশাপাশি নতুন ফেইজ থেকে উত্তোলিত কয়লার বড় অংশ খনিসংলগ্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।
দীর্ঘ বিরতির পর নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। উৎপাদন স্বাভাবিক হওয়ায় বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।





















