
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল পরীক্ষার পঞ্চম দিন এবং দুপুর ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সকালে ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়। পরে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ইউএনওর নির্দেশে পরীক্ষা স্থগিত করেছি। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে—এমন তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছিলাম, প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিত রাখতে। পরে মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, এর আগে হওয়া চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়া হবে।
তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, ‘এটি বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ বিষয়ে লিখিত কোনো নির্দেশনা দিইনি। প্রধান শিক্ষককে বলেছি, সবকিছু যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে করা হয়। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় তখন হাতে ছিল না।’
এদিকে, পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে অবহেলার অভিযোগ তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকেরা। প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে প্রকাশ পেল এবং দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
প্রসঙ্গত, ওই ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন বুধবার (২৫ নভেম্বর) রাতে সমাধানসহ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে ১৯ নভেম্বর গণিত, ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, আগের চারটি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।