ফেনী জেলা প্রতিনিধি: ১১ মার্চ ২০২৬ , ১২:০০:৩৭ প্রিন্ট সংস্করণ
ফেনী শহরে “শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজানের ২০ তারিখে শহরের দাওয়াতে দাস্তান মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ মঞ্জুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি রহমতুল্লাহ আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরিয়ার কোনো বিকল্প নেই। আদর্শবান যুবকদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অবদান উল্লেখ করে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে যুবকদের অগ্রণী ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, সমাজে অনেক যুবক মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ছে, যা দেশের জন্য ক্ষতিকর। এসব থেকে বেরিয়ে এসে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সামী, দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ পৌর শাখার অন্যান্য দায়িত্বশীলরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















