
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) উদ্যোগে শুরু হয়েছে বিশেষ সেমিনার সিরিজ “From JnU to the World: Obstacles, Opportunities & Your Next Move”।
গত ৩০ এপ্রিল রাতে অনলাইনে জকসু সিরিজ-০১-এর প্রথম সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদ রনি। তিনি বর্তমানে জার্মানির University of Bonn-এ গবেষণারত রয়েছেন। সেশনটি সঞ্চালনা করেন জবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাহমিদ আপন।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশনে রাশেদ রনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন, কীভাবে সিজিপিএ বা বিভাগের সীমাবদ্ধতা অতিক্রম করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা সম্ভব। তিনি উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার বাস্তবভিত্তিক কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জকসুর কার্যনির্বাহী সদস্য মো. মেহেদী হাসান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করার পথ সুগম করতেই আমাদের এই উদ্যোগ। উচ্চশিক্ষা নিয়ে সঠিক গাইডলাইন এবং বড় স্বপ্ন দেখার সাহস জোগাতে এই সিরিজ ধারাবাহিকভাবে চলবে।”
তিনি আরও জানান, প্রতি মাসে দুটি করে সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে জবির সফল সাবেক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আগ্রহ এ আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে। আয়োজকদের মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো সম্ভাবনাময় ক্যাম্পাস থেকেও যে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া সম্ভব, এই সেশন শিক্ষার্থীদের মাঝে সেই আত্মবিশ্বাস তৈরি করেছে।
সেশন শেষে আয়োজকরা জানান, পরবর্তী সেশনের সময়সূচি ও আপডেট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে দ্রুত প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।