এশিয়ান গেমস হকির বাছাইপর্বে উজবেকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। একই সঙ্গে নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিটও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বরং গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।
এই ড্রয়ে বাংলাদেশের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ৯ দলের এই বাছাইপর্ব থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। ফলে পঞ্চম বা ষষ্ঠ স্থান অধিকার করেও এখনো শেষ পর্বে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট উজবেকিস্তানেরও, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে উজবেকরাই।
আজ ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। এরপর অনেক চেষ্টা করেও দীর্ঘ সময় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
অবশেষে ম্যাচের শেষ কোয়ার্টারে সমতায় ফেরে দলটি। ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন আমিরুল ইসলাম।
পুরো ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও একটিও গোলে রূপ দিতে পারেনি আশিকুজ্জামানের শিষ্যরা।
আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আর এই বাছাইপর্ব শেষ হবে ১০ এপ্রিল। এখন পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল, যেখানে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।