জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল শনিবার শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তরের স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ছাত্রদলের অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম, নিপীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করেছেন।
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এমন পরিস্থিতিতে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করা সত্যের অপলাপ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।
বিবৃতিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক এ ধরনের ‘বিভ্রান্তিকর, রুচিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সবাইকে সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তি আক্রমণ ও রাজনৈতিক বিভাজনের পরিবর্তে অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।